বিবিসি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান জার্মান জাতীয় দলের সাবেক ফুটবলার মেসুত ওজিলের বিয়েতে তাঁর ‘বেস্ট ম্যান’ হয়েছেন। শুক্রবার তুর্কি বংশোদ্ভূত ওজিলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বসফরাসের তীরে বিলাসবহুল একটি হোটেলে ৩০ বছরের ওজিলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন বাগ্দত্তা সাবেক মিস তুর্কি আমিন গুলসকে বিয়ে করেন তিনি। ২০১৭ সালে এই জুটি নিয়মিত দেখা করা শুরু করেন। ২০১৮ সালের জুনে তাঁরা আংটি বদল করেন। এ বছর মার্চে ওজিল নিজেই জানিয়েছিলেন, তিনি এরদোগানকে তাঁর বিয়েতে বেস্ট ম্যান হওয়ার প্রস্তাব দিয়েছেন। ওজিলের ওই ঘোষণা আবারও তাঁর দেশ জার্মানিতে বিতর্কের জন্ম দেয়। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ঐ সময় বলেছিলেন, ওজিলের এই পছন্দ ‘অত্যন্ত দুঃখজনক’।
ওজিলের দাদা তুরস্ক থেকে অভিবাসী হিসেবে জার্মানিতে এসেছিলেন। এরদোগান তুরস্কের নানা ক্ষেত্রের তারকাদের বিয়েতে নিয়মিত অংশ নেন, বিশেষ করে নির্বাচনী প্রচারের সময়। পুনরায় ইস্তাম্বুলের মেয়র নির্বাচনের ঠিক আগে দিয়ে তিনি ওজিলের বিয়েতে অংশ নিলেন। প্রথমবার নির্বাচনে এরদোগানের দল একেপির প্রার্থী সামান্য ব্যবধানে হেরে গেলে তিনি ভোটের ফল বাতিল করেন। তুরস্কের রাজনীতিতে এরদোগানের এই স্বেচ্ছাচারিতা নিয়ে সমালোচনা রয়েছে।
গত বছর বিশ্বকাপের আগে এরদোগানের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচিত হয়েছিলেন ওজিল। ওজিলের দাবি, ওই ছবির কারণে জার্মানিতে তিনি বর্ণবাদের শিকার হয়েছেন এবং তাঁকে অসম্মান করা হয়েছে। প্রতিবাদে তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া লম্বা বিবৃতিতে ওজিল লিখেছিলেন, বিশ্বকাপ জিতলেও তাঁকে জার্মানরা ‘মেনে নিতে পারেনি’। এর আগে ওজিল ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। জার্মানির হয়ে ৯২ ম্যাচে ২৩ গোল করা এই মিডফিল্ডার সমর্থকদের ভোটে ২০১১ সাল থেকে পাঁচবার জাতীয় দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
