কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্র থেকে ফল আসতে শুরু করেছে। বুধবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৩৪টি কেন্দ্রের ফল ঘোষণা হয়। এতে এগিয়ে রয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু।
৩৪ কেন্দ্রে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ১৪ হাজার ৬৯৫ ভোট। মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮০৬ ভোট। আর ঘোড়া প্রতীকে নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ৬ হাজার ৯৬৯ ভোট।
বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা চলছে।
নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা), টানা দুই বারের সদ্য সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করছেন ১০৮ জন প্রার্থী।
তৃতীয় বারের মতো এবার হচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট। ২৭টি ওয়ার্ডে বিভক্ত এ সিটির মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এরমধ্যে হিজড়া ভোটার দুজন।
