মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের বৃহত্তম তেল কোম্পানি

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:২৪

৩৯টি সহযোগী কোম্পানিও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে

ইরানের বৃহত্তম ও লাভজনক পেট্রোকেমিক্যাল গ্রুপ পার্সিয়ান গালফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পিজিপিআইসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কের কারণ দেখিয়ে এ নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসিকে আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়ার দায়ে দেশটির পেট্রোকেমিক্যাল শিল্পকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় একই সঙ্গে আরো ৩৯টি সহযোগী কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় এনে এগুলোকে ইরানের ‘বিদেশভিত্তিক বিক্রয় এজেন্ট’ হিসেবে অভিহিত করেছে।

ওয়াশিংটন সতর্ক করে দিয়ে বলেছে, পিজিপিআইসি বা এর সহযোগী কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসায়িক লেনদেনকারী বিদেশি কোম্পানিগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন বলেছেন, আইআরজিসিকে আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা দানকারী সব কোম্পানি ও হোল্ডিং গ্রুপকে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। -খবর আল জাজিরা ও দ্য গার্ডিয়ান।

উল্লেখ্য, পার্সিয়ান গালফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজে ইরানের মোট পেট্রোকেমিক্যালের ৪০ শতাংশ উত্পাদিত হয়ে থাকে। দেশটির পেট্রোকেমিক্যাল রফতানির ৫০ ভাগই এখান থেকে হয় বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে গতবছর যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। এরপর থেকে তেহরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে ওয়াশিংটন। এছাড়া যুক্তরাষ্ট্রের চাপে বেশ কয়েকটি দেশ ইরান থেকে তেল আমদানিও বন্ধ রেখেছে। এরকম অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন না করে ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার উপায় খুঁজছে ইউরোপীয় দেশগুলো।