দুঃস্বপ্নের মাঠে বাংলাদেশের নতুন যাত্রা, অ্যান্টিগায় প্রথম টেস্ট  শুরু আজ

আপডেট : ১৬ জুন ২০২২, ০২:৪০

বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে স্টিভ রোডসের শুরুটা ছিল পুরোপুরি বিভীষিকায় ঠাসায়। টাইগারদের ড্রেসিংরুমে বসে নিজের অভিষেকেই রীতিমতো দুঃস্বপ্নই দেখলেন এই ইংলিশ কোচ। চার বছর আগে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাংলাদেশের ব্যাটিং কোচ। কিছু বুঝে ওঠার আগেই রৌদ্রোজ্জ্বল সকালে মাত্র ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা।

সাকিব আল হাসানের নেতৃত্বে ২০১৮ সালে ক্যারিবিয়ানদের পেস আক্রমণে বিধ্বস্ত হওয়া ম্যাচটা ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর ৪৩ রানটা এখনো টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

দুঃস্বপ্নের সেই মাঠেই নতুন যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশ দলের। নেতৃত্বে সেই সাকিব আল হাসান। স্টিভ রোডস অতীত হয়ে গেছেন, ড্রেসিংরুমের হেড মাস্টার এখন রাসেল ডমিঙ্গো। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

২০১৮ সালের ওই ইনিংসে লিটন দাস একাই করেছিলেন ২৫ রান। সেই একাদশে থাকা মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নিয়েছেন। হজের কারণে ছুটি নেওয়ায় মুশফিকুর রহিম নেই এবারের সিরিজে। এর বাইরে কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী এখন টেস্ট দলেই নেই। উইন্ডিজ শিবিরেও প্রথম টেস্টে নেই কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার।

চার বছর আগের ৪৩ রানের তিক্ত অতীত ভুলে আজ প্রথম টেস্টে নতুন কিছুর মিশনেই নামবে টাইগাররা। পিঠের ইনজুরির কারণে টেস্টে নেই ইয়াসির আলী রাব্বি। তার জায়গায় নুরুল হাসান সোহানের খেলার সম্ভাবনা প্রবল। এবং কিপিংটা করবেন সোহান। সেক্ষেত্রে ফিল্ডিং করবেন লিটন দাস।

একাদশে মুস্তাফিজের সঙ্গে এবাদত, খালেদ পেস আক্রমণে থাকতে পারেন। ব্যাটিংয়ে তামিম, জয়, শান্ত, মুমিনুল, সাকিব, লিটনরাই মূল ভরসা। স্পিনে মিরাজ থাকবেন সাকিবের সঙ্গে। দুজন পেসার খেলালে তাইজুলও একাদশে থাকতে পারেন। তবে অ্যান্টিগার পেস-বাউন্সি উইকেটে তিন পেসারই স্বাভাবিক ঘটনা।

অবশ্য দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্ত্ততি নিয়ে সন্তুষ্ট হেড কোচ রাসেল ডমিঙ্গো। গতকালও অ্যান্টিগায় অনুশীলন করেছে টাইগাররা। তবে প্রথম টেস্টের জন্য অ্যান্টিগার বাতাস নিয়ে সাকিবদের সতর্ক করেছেন ডমিঙ্গো। বাতাসের প্রবাহের সঙ্গে মানিয়ে নিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের।

প্রস্তুতি নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘ছেলেরা তিনদিনের ম্যাচ যেভাবে খেলেছে তাতে তৃপ্ত। ব্যাটসম্যানরা উইকেটে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছে। বোলাররা মাঝের ওভারগুলোতে আঁটসাঁট বোলিং করেছে। প্রথম টেস্টে নামার আগে আমরা দারুণ সময় কাটিয়েছি।’

ইয়াসির ছাড়া দলের সবাই সুস্থ আছেন বলে জানান টাইগারদের হেড কোচ। তীব্র বাতাসের চ্যালেঞ্জ স্মরণ করিয়ে দিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘যে ভেন্যুতে আমরা খেলব সেখানেই অনুশীলন করছি। এখানকার কন্ডিশন, উইকেটের সঙ্গে মানিয়ে নিচ্ছি। এখানে বাতাসের প্রবাহ থাকবে কিছুটা, বল ঘোরানোর ব্যাপারে অভ্যস্ত হতে হবে আমাদের।’

ইত্তেফাক/ ইআ