খুলনার রূপসা নদীতে যাত্রীবাহী ট্রলারে বজ্রপাতে মাঝি নিখোঁজ ও যাত্রীসহ ৮ জন আহত হয়েছেন। মাঝির নাম মতি শিকদার (৪৫)। তিনি নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৫ জুন) বিকাল সোয়া ৫টার দিকে হালকা বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। ডুবুরিরা নিখোঁজ মাঝিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা নৌ পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুন্নাফ।
খুলনা নৌ পুলিশের পরিদর্শক বলেন, ‘নিখোঁজ মাঝি মতি শিকদারকে উদ্ধারে নদীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা অভিযান অব্যাহত রেখেছেন।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে হালকা বৃষ্টি হচ্ছিল। এসময় বিদ্যুৎ চমকালে পূর্ব রূপসা ঘাট থেকে যাত্রীবোঝাই ট্রলার নিয়ে পশ্চিম পাড়ের ঘাটের কাছে যাওয়া মাত্রই চলন্ত ট্রলারে বজ্রপাত হয়। এতে মাঝি মতি শিকদার রূপসা নদীতে পড়ে নিখোঁজ হন। ট্রলারে থাকা আরও তিনজন মাঝি ও যাত্রীসহ ৮ জন আহত হন।
আহতরা হচ্ছেন- নিখোঁজ মাঝির ছেলে রাকিব (২১), হেলপার বাপ্পী (২২) ও অপর মাঝি খোকন শেখ (৫০) এবং পাঁচজন যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাঝি ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত ব্যাপারী ও মাঝি রোকন হাওলাদার বলেন, ‘নিখোঁজ মাঝি মতি শিকদারকে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ ও আহতদের স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে।’
খুলনা নৌ পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুন্নাফ বলেন, ‘এ ঘটনার পর পূর্ব রূপসা মাঝি ঘাট এলাকায় স্থানীয় ফাঁড়ি ও নৌ-পুলিশ মোতায়েন রয়েছে।’
