ইস্টার সানডের বোমা হামলা
g এএফপি
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তাঁর মন্ত্রিপরিষদকে বলেছেন, ইস্টার সান ডে-তে চার্চে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিরাপত্তা ত্রুটির ব্যাপারে পার্লামেন্টের তদন্তে তিনি সহায়তা করবেন না। শনিবার এক রাষ্ট্রীয় সূত্রে এ কথা বলা হয়।
গত ২১ এপ্রিল চার্চে চালানো হামলা নিয়ে তদন্তকাজে নিয়োজিত পার্লামেন্টারি সিলেক্ট কমিটির (পিএসসি) বিরোধিতা করতে শুক্রবার রাতে মাইথ্রিপালা সিরিসেনা মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডাকেন। ঐ হামলায় ২৫৮ জন নিহত ও প্রায় ৫০০ জন আহত হয়। মন্ত্রিপরিষদের এক সূত্র জানায়, সিরিসেনা ঐ কমিটির কাছে কোনো পুলিশ, সেনা বা গোয়েন্দা সদস্যকে সাক্ষ্য প্রদান বা জবাবদিহি করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ‘মন্ত্রিপরিষদের বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে।’ সূত্রটি আরো জানায়, ‘সরকার পিএসসিকে বাতিল করতেও সম্মত হয়নি।’ সিরিসেনার অফিস থেকে এই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানায়নি। তবে অফিস জানিয়েছে, প্রেসিডেন্ট পিএসসির কাছে সাক্ষ্য বা জবাবদিহি করতে কর্মকর্তাদের অনুমতি না দেওয়ার জন্য শুক্রবার সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
ইসলামি মৌলবাদীদের সম্ভাব্য হুমকি ঠেকাতে নিয়মিত নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটির বৈঠক করতে প্রেসিডেন্ট সিরিসেনা ব্যর্থ হয়েছেন বলে গত সপ্তাহে দেশটির গোয়েন্দা-প্রধান সিসিরা মেন্ডিস মন্তব্য করেন। ২১ এপ্রিলের হামলার ব্যাপারে গোয়েন্দাদের আগাম সতর্কবার্তা সত্ত্বেও প্রেসিডেন্ট তখন ব্যবস্থা নেননি। তাঁর এই ব্যর্থতার পর ঐ সময় ব্যাপক সমালোচনা শুরু হয়।
