মাগুরায় পেট্রোল বোমা হামলায় পাঁচ শ্রমিক নিহতের ঘটনার মামলায় মাগুরা-১ আসনের বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খানের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার মাগুরার জেলা ও দায়রা জজ আদালতে মনোয়ার হোসেন খান হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ২০১৫ সালের ২১ মার্চ মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় নৃশংস এই পেট্রোল বোমা হামলায় পাঁচ শ্রমিক নিহত ও অপর চার জন মারাত্মক জখম হন।
মামলার বিবরণে প্রকাশ, বিএনপি জামায়াতসহ ২০ দলের অবরোধ চলাকালে ২১ মার্চ ২০১৫ মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলা করে দুষ্কৃতকারিরা। এ সময় ট্রাকের চালক, হেলপারসহ ৯ শ্রমিক অগ্নিদগ্ধ হয়। মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে ওই রাতেই রওশন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় ট্রাক চালক ইমরান, শ্রমিক মতিন, শাহিন, শাকিল মারা যায়। এ ব্যাপারে মাগুরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হকসহ ২৩ জনের বিরুদ্ধে মাগুরার আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মনোয়ার হোসেন খানের আইনজীবী শাহেদ হাসান টগর জানান , তার মক্কেল যেহেতু বিএনপির প্রার্থী সে কারণে রাজনৈতিকভাবে তাকে হয়রানি করা হচ্ছে। ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে যাবেন তারা।
