স্পোর্টস রিপোর্টার
তিন ম্যাচে একটি করে জয়। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। চলমান বিশ্বকাপে উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি পাকিস্তান-শ্রীলঙ্কার অবস্থান এখন সমান্তরালে। গত শুক্রবার ব্রিস্টলে এই দুই দলের ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। ম্যাচ খেলতে না পারার হতাশা ছড়িয়েছিল দুই শিবিরেই।
পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, প্রকৃতির বাধায় ম্যাচ খেলতে না পারাটা দুর্ভাগ্যজনক। তবে তার আশা, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত হলেও পাকিস্তান তাদের ছন্দ ধরে রাখবে। ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হওয়ার পর ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে ফিরেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে যেই আত্মবিশ্বাস নিয়ে ম্যাচ শেষ করেছিল পাকিস্তান, সেই একই বিশ্বাস নিয়ে পরের ম্যাচটি খেলতে নামবে আমির-হাফিজরা। আগামী ১২ জুন টন্টনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সরফরাজের দল।
আইসিসির মিডিয়াকে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘দল হিসেবে আমরা সত্যিই খেলতে মুখিয়ে ছিলাম। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ছন্দটা পাওয়া গিয়েছিল। এটা দুর্ভাগ্যজনক যে আমরা খেলতে পারিনি। আমাদের টিম স্পিরিট দারুণ, ইংল্যান্ডকে হারানোর পর আত্মবিশ্বাসও বেশ উঁচুতে। এই ছন্দটাই আমরা পরের ম্যাচগুলোতে নিয়ে যেতে চাই। পরের ছয় ম্যাচে আমরা নির্ভার থাকবো না।’
পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়বে পাকিস্তান। কিছুদিন আগে যাদের বিরুদ্ধে দুবাইয়ে টানা ৫ ম্যাচ হেরেছিল তারা। ওই সিরিজে পাকিস্তান অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছিল। আবার সেই সিরিজের তুলনায় অস্ট্রেলিয়ার দলটা এখন অনেক শক্তিশালী। স্টিভ স্মিথ, ওয়ার্নাররা ফিরেছেন দলে।
সরফরাজও বলছেন, অস্ট্রেলিয়া হবে কঠিন প্রতিপক্ষ। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের অন্য দলগুলোর মতো অস্ট্রেলিয়াও কঠিন প্রতিপক্ষ। তারাও ভালো ছন্দ পেয়েছে, তাদের প্রথম দুই ম্যাচ জিতে।’
টন্টনের ম্যাচের আগে কয়েকদিন প্রস্তুতির সময় পাচ্ছে পাকিস্তান। এই সময়টা কাজে লাগাতে চান সরফরাজ। তিনি বলেছেন, ‘ম্যাচটার জন্য প্রস্তুত হতে কয়েকটা দিন সময় পেয়েছি আমরা। মাঠে নামার আগে যতটা সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেরা প্রস্তুতি নিতে।’
ব্রিস্টলে ম্যাচ না হওয়ায় দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নেও বলেছেন, এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে তিনি। ১১ জুন বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। করুনারত্নে বলেছেন, ‘আমরা এখানে খেলতেই এসেছিলাম। কিন্তু খেলতে পারলাম না। আমরা সত্যিই হতাশ। কিন্তু এখন পরের ম্যাচের দিকে তাকাতে চাই।’
আফগানদের হারানোর আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে লড়াই শুরুর আশা করছেন লঙ্কান অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমরা আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের ম্যাচে খুব ভালো করেছিলাম। পরের ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাস নিয়ে যেতে চাই, যার শুরুটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে।’
