ঢাবির ৯২২ কোটি টাকার বাজেট পেশ আজ 

আপডেট : ১৬ জুন ২০২২, ১৩:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০২২-২৩ অর্থবছরের জন্য ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট বৃহস্পতিবার (১৬ জুন) উত্থাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে এ বাজেট উত্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ।

গত রবিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ বাজেট উত্থাপনের অনুমোদন দেওয়া হয়। এছাড়া ২০২১-২২ অর্থবছরের জন্য সিন্ডিকেট ৮২২ কোটি ৪১ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করেছে। সেই হিসাবে নতুন অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ১০০ কোটি টাকা বাড়তে যাচ্ছে। তবে নতুন এই বাজেটে গবেষণা খাতে বরাদ্দ করা হয়েছে মাত্র ১৫ কোটি টাকা (মোট বাজেটের ১ দশমিক ৬৩ শতাংশ)। চলতি অর্থবছরের (২০২০-২১) জন্য গত বছর ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছিল। অর্থাৎ এবার ৯ কোটি ৩৮ লাখ টাকা কম খরচ হয়েছে।

আজ বৃহস্পতিবার সিনেট অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনার পর নতুন অর্থবছরের বাজেট ও চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে, সিন্ডিকেটে নতুন অর্থবছরের (২০২২-২৩) জন্য ৯২২ কোটি ৪৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেটের পাশাপাশি চলতি অর্থবছরের ৮২২ কোটি ৪১ লাখ টাকার সংশোধিত বাজেট পেশ করবেন কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ। চলতি অর্থবছরের (২০২০-২১) জন্য গত বছর ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছিল। অর্থাৎ এবার ৯ কোটি ৩৮ লাখ টাকা কম খরচ হয়েছে। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে অনুদান হিসেবে ৭৮১ কোটি ৯৪ লাখ টাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাতগুলো থেকে ৮৩ কোটি টাকা আয় ধরা হয়েছে। অর্থাৎ বাজেটে সাড়ে ৫৭ কোটি টাকার মতো ঘাটতি থাকবে।

সিন্ডিকেট সদস্যরা জানান, নতুন অর্থবছরের বাজেটে গবেষণা মঞ্জুরি হিসেবে ১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ১ দশমিক ৬৩ শতাংশ। চলতি অর্থবছরে এই বরাদ্দ ছিল ১১ কোটি টাকা, যা ছিল মোট বাজেটের ১ দশমিক ৩২ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন হিসেবে মোট বাজেটের ২৯ দশমিক ৫৯ শতাংশ ও ভাতা হিসেবে ২৩ দশমিক ৭৪ শতাংশ ব্যয় ধরা হয়েছে।

গবেষণা-প্রকাশনা মেলার উদ্যোগ:
আগামী অর্থ বছরের ১লা জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে গবেষণা-প্রকাশনা মেলা উদ্বোধন করবেন। সেদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এসবের উদ্বোধন করা হবে। তিন দিনব্যাপী গবেষণা-প্রকাশনা মেলা চলবে। ওই মেলায় বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর জন্য ১০টি ও ইনস্টিটিউটগুলোর জন্য ১টি প্যাভিলিয়ন থাকবে।

ইত্তেফাক/এআই