‘মিশন শেষ হয়ে যায়নি’ জেমি ডে
সোহেল সারোয়ার চঞ্চল
বাংলাদেশ ফুটবল দল লাওসকে হারিয়ে শুক্রবার মধ্যরাতে ঢাকায় ফেরার পর গতকালই ঢাকায় অনুশীলনে নেমে গেছে। দলটির কোচ জেমি ডে জানিয়েছেন বিপক্ষের মাঠে জিতলেও মিশন শেষ হয়ে যায়নি।
ফুটবলারদের নিয়ে বিমানবন্দর হতে বাস যখন ঢাকায় হোটেলে পৌঁছায় তখন ঘড়িতে রাত ৩টা। লাওস হতে ব্যাংকক ফ্লাইট দুই ঘণ্টা বিলম্বিত হওয়ার কারণে ঢাকায় ফেরার ফ্লাইট বিলম্ব হয়। এরপর বিশ্রাম নিয়ে কোচ জেমি ডে বিকাল ৪টায় অনুশীলনে নেমে পড়েন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে একপাশে তখন ঘাস কাটার কাজ চলছিল। অন্য পাশে জেমি ডে তার খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে মগ্ন। ১১ জুন সন্ধ্যা ৭টায় লাওসের বিপক্ষে বাংলাদেশের ফিরতি খেলা। হাতে সময় কম তাই বিশ্রামের চেয়ে অনুশীলনে মাথা ঘামাচ্ছিলেন জেমির সঙ্গে থাকা আরো চার বিদেশি নিয়ে কোচিং স্টাফ। গোল পোস্টের নিচে আশরাফুল রানা, হিমেল এবং জিকো। কোচের নির্দেশনায় অন্যরা ভাগ হয়ে অনুশীলনে।
কাতার বিশ্বকাপ ফুটবল এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাই এক সঙ্গেই চলছে। বাংলাদেশ কঠিন সময় অতিক্রম করছে। লাওসকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এখন নিজেদের মাঠে অন্তত পক্ষে ড্র করলেও বাংলাদেশ দ্বিতীয় পর্বের বাছাইয়ে খেলার টিকিট পাবে।
সে কারণেই কোনো বিশ্রাম নেই। ক্লান্তিহীন যোদ্ধার মতোই মাঠে নেমে নিজেদের প্রস্তুত রাখছেন জামাল ভুঁইয়ার নেতৃত্বাধীন দলটি। এক ম্যাচ জেতার পরও খুবই সাবধান জাতীয় দল। কোচ জেমি ডে বললেন, ‘দ্বিতীয় লেগের খেলাটা সহজ হবে না। আমরা প্রতিপক্ষের মাঠে খেললাম। জিতেছি কিন্তু এখনও বিশ্বাস করি দ্বিতীয় লেগের ম্যাচটি খুব কঠিন হবে।’
প্রথম জয়টায় ৭০ ভাগ এগিয়ে যাওয়া কিনা এমন প্রশ্নে ব্রিটিশ এই কোচ বললেন, ‘আমাদের মিশন শেষ হয়ে যায়নি।’ সাফের উদাহরণ টেনে তিনি বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা থেকে আমরা জানি, আমাদের পরের ধাপে যাওয়ার সুযোগ ছিল কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি। ১১ জুন লাওসের বিপক্ষে ফিরতি পর্বেও আমাদের ভালো খেলতে হবে। জিততে হবে। তবে হ্যাঁ প্রথম পর্বের জয়ের জন্য আমরা কিছুটা সুবিধা পাব।’
কোচ কথা বলার পর পাঠালেন অধিনায়ক জামাল ভুঁইয়াকে। তিনি বলেন, ‘আমরা জিতেছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেলিনি, বিশেষ করে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে মোটামুটি ভালো খেলছি। গোল পেয়েছি এটা সবচেয়ে বড় কথা।’
ম্যাচ জয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘সব সময় জয়ের মোটিভিশন ছিল। সবাই জানে এ বছর আমাদের এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এটা না জিতলে আমরা আগামী দুই বছর কোনো ম্যাচ খেলতে পারব না। তবে এখনও আমরা নিরাপদ নই। ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। ঢাকায় ফিরতি পর্বের লড়াইয়ে বাকি ৭০ ভাগ শেষ করতে হবে।’
ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। একথা শুনে জামাল ভুঁইয়া বললেন, ‘আমরা ড্রয়ের জন্য খেলব না। দেশের মানুষ জয় চায়। আমরাও জয় চাই।’
লাওস দলের খেলোয়াড়দের মধ্যে গতকাল দুপুরে ঢাকায় এসেছেন ৬ জন সঙ্গে ৫ জন কর্মকর্তা। বাকিদের রাতেই পৌঁছে যাওয়ার কথা। আজ লাওস অনুশীলনে নামবে।
