অবশেষে রিয়ালে হ্যাজার্ড

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:২৯

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো দল ছাড়ার পর থেকেই বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদে আসার গুঞ্জন চলছিলো। শুক্রবার রাতে প্রায় এক মৌসুম ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে সাবেক চেলসি তারকাকে দলে টেনেছে কোচ জিনেদিন জিদানের দল।

এক মৌসুম আগে রিয়ালকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়ে ‘নতুন চ্যালেঞ্জের খোঁজে’ দল ছেড়েছিলেন রোনালদো। এর আগেই কোচের দায়িত্ব ছেড়েছিলেন জিদান। ডাগআউট আর মাঠে দুইজনের অনুপস্থিতির খেসারত ভালোই দিয়েছে রিয়াল।

সদ্যসমাপ্ত মৌসুমের দুই তৃতীয়াংশ পার হবার আগেই শিরোপাহীন মৌসুম নিশ্চিত হয়ে যাওয়ার পর আবারো জিদানকে কোচের দায়িত্বে ফেরায় রিয়াল। এবার নতুন মৌসুমকে সামনে রেখে দল গড়ায় মনোযোগ দিয়েছে তারা। গেল কিছুদিনে রক্ষণে ব্রাজিলীয় এডার মিলিতাও আর আক্রমণভাগে লুকা জোভিচ আর রদ্রিগোকে দলে টানলেও হ্যাজার্ডের ব্যাপারে কোনো চূড়ান্ত ঘোষণা আসছিল না দলটির পক্ষ থেকে।

অবশেষে শুক্রবার রাতে সব অপেক্ষায় ইতি টেনে হ্যাজার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তির চূড়ান্ত ঘোষণা দেয় রিয়াল কর্তৃপক্ষ। চেলসি থেকে এই ফরোয়ার্ডকে দলে টানতে ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে তাদের। গোল ডট কম জানাচ্ছে, আনুষাঙ্গিক আরো শর্তপূরণ সাপেক্ষে খরচটা ১৪০ মিলিয়ন ইউরো পর্যন্ত বাড়তে পারে। আগামী ১৩ জুন বেলজিয়ান এই ফরোয়ার্ডকে মাদ্রিদের খেলোয়াড় হিসেবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে রিয়াল।