ইউক্রেনের ডনবাস অঞ্চলে যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনাদের স্ত্রীরা বিক্ষোভ করেছেন। তাদের স্বামীরা কোথায় আছেন তা জানার জন্য এই বিক্ষোভ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ ১১৩ দিনে গড়িয়েছে। রাশিয়া পূর্ব ইউক্রেনে তাদের যুদ্ধ জোরদার করেছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে নারীদের বিক্ষোভ করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নারীদের অভিযোগ করতে শোনা গেছে। নিউজউইকের রিপোর্ট এই তথ্য জানিয়েছে।
ভিডিওতে ওইসব নারীকে আঞ্চলিক ভাষায় কথা বলছেন বলে রিপোর্টে বলা হয়েছে। নারীরা অভিযোগ করেছেন, গত চার মাস থেকে তারা তাদের স্বামীদের সঙ্গে যোগাযোগ নেই। তাদেরকে কোনো তথ্যও দেওয়া হচ্ছে না।
নিউজউইকের রিপোর্ট অনুযায়ী, এক নারীকে বলতে শোনা গেছে, 'আমরা ১২১তম রেজিমেন্ট, ২য় ব্যাটালিয়ন থেকে সেনাদের স্ত্রী। এই মুহূর্তে আমরা চার মাস থেকে জানি না আমাদের স্বামীরা কই।'
গত সপ্তাহে দোনেতস্ক পিপলস রিপাবলিকে (ডিপিআর) এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে এই অঞ্চলের পুরুষদের ফেব্রুয়ারিতে একত্রিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, ডনবাস অঞ্চলের লড়াইয়ের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। এর উপরই যুদ্ধের গতিপথ নির্ভর করছে।
তিনি বলেন, ডনবাসে লড়াই চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারন ডনবাস লড়াইয়ের ফলাফল নির্ধারণ করবে আগামী সপ্তাহগুলোতে যুদ্ধে কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।
