স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল আজ রবিবার রাতে উয়েফা নেশন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। এর আগে পর্তুগীজ অধিনায়ক জানালেন ডাচদের হারিয়ে প্রতিযোগিতাটির উদ্বোধনী আসরের শিরোপা জিততে মুখিয়ে আছেন তিনি। জাতীয় দলে রোনালদোর ক্যারিয়ারের শুরুটা ২০০৪ সালের ইউরো ফাইনালে গ্রীসের কাছে হেরে হলেও তিন বছর আগে পর্তুগালকে অধরা ইউরো শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন তিনি। উয়েফা নেশন্স লিগের গ্রুপপর্বে না খেললেও সেমিফাইনালে মাঠে নেমেই উপস্থিতিটা দারুণভাবেই জানান দিয়েছেন জুভেন্তাস তারকা। তার দারুণ হ্যাটট্রিকে ভর করেই সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারায় কোচ ফার্নান্দো সান্তোসের দল।
ফাইনালেও এমন কিছুর প্রত্যাশা রোনালদোর। উয়েফা ডট কমকে পাঁচবারের ব্যালন ডি অরজয়ী বলেন, ‘যখন আমি জাতীয় দলের হয়ে খেলি একে অনেক বড় সম্মানের ব্যাপার হিসেবে দেখি আমি। এবং এটা ক্লাবের হয়ে খেলার অনুভূতি থেকে আলাদা।’ তিনি আরো বলেন, ‘শিরোপার লড়াই অনুভূতিটাকে আরো দারুণ করে তোলে। যেমনটা ২০০৪ ও ২০১৬ সালে হয়েছিলো। এখনো অনুভূতিটা তেমনই থাকবে। তিনটি ফাইনাল থেকে দুটি শিরোপা জিততে চাই আমি। এটা অসাধারণ হবে এবং আমি বিশ্বাস করি দলও তেমনটা বিশ্বাস করে। আমরা স্বাগতিক দল এবং ইতিবাচক আছি।’
