দিন দুয়েক আগেই সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেছিল ভারতের মোদি সরকার। চার বছরের জন্য যুবকদের সেনায় নেওয়ার কথা বলা হয়েছিল। সরকারের দাবি ছিল, এর ফলে সেনার চেহারা বদলে যাবে, তা আরও কার্যকর হবে। কিন্তু মোদি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিহারে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
বুধবার মুজফফরপুর ও বক্সারে এই প্রকল্পের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন যুবকরা। এরপর টানা দ্বিতীয় দিনেও মতো আজও বিহারের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ট্রেনে আগুন জ্বালিয়ে দিয়েছে, বাসের জানালা ভেঙ্গে দিয়েছে, এছাড়া বিহারের বিজেপি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সহিংস বিক্ষোভ এখন দেশটির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে।
দেশটির ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, ২২টি ট্রেন বাতিল করতে হয়েছে এবং পাঁচটি আংশিক যাত্রা শুরুর পর ট্রেন বন্ধ বন্ধ করতে হয়েছে।
লাঠি হাতে বিক্ষোভকারীরা ভভুয়া রোড রেলওয়ে স্টেশনে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের কাচের জানালা ভেঙে দিয়েছে এবং একটি কোচে আগুন দেয়। 'ইন্ডিয়ান আর্মি লাভারস' ব্যানার হাতে বিক্ষোভকারীরা নতুন এই নিয়মে সেনা নেওয়ার পরিকল্পনা বাতিলের স্লোগান দেন।
নওদায় বিজেপি এমএলএ অরুনা দেবীর গাড়িতে হামলা চালানো হয়েছে। এছাড়া এই অঞ্চলের বিজেপির কার্যালয়ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গতকাল এক বিক্ষোভকারী গুলশন কুমার এনডিটিভিকে বলেছেন, 'অগ্নিবীর হওয়ার চার বছর পর তো আবার আমাদের চাকরি খুঁজতে হবে। চাকরির জন্য পড়াশুনো করতে হবে। আমাদের বয়সের অন্য ছেলেমেয়েরা তখন আমাদের থেকে অনেক এগিয়ে থাকবে।'
আরেক বিক্ষোভকারী শিবম কুমার বলেছেন, ''আমি সেনায় যাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছি। দুই বছর ধরে শারীরিক কসরত করছি। কিন্তু চার বছরের জন্য কেন আমি সেনায় চাকরি নিতে যাব?''
আরজেডি নেতা তেজস্বী যাদব অন্য একটি প্রশ্ন তুলেছেন। একাধিক টুইট করে তিনি বলেছেন, সরকার এইভাবে সংরক্ষণের বিষয়টি তুলে দিতে চাইছে। তার প্রশ্ন, চার বছর পর যখন ২২ বছর বয়সি যুবকরা আর অগ্নিবীর থাকবেন না, তখন কী হবে?
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ''যখন ভারত দুইটি ফ্রন্ট থেকে বিপদের মুখে, তখন অগ্নিপথ প্রকল্পের কোনো দরকার ছিল না। এতে সেনার কার্যকারিতা কমবে।''
বিজেপি সাংসদ বরুণ গান্ধীও বলেছেন, ''একজন সাংসদ তো পাঁচ বছরের জন্য নির্বাচিত হন, তাহলে অগ্নিবীরদের চাকরির মেয়াদ কেন চার বছর করা হলো?''
