চট্টগ্রাম বন্দর পেলো আরও দু’টি টাগবোট

আপডেট : ১৬ জুন ২০২২, ১৯:৩৭

বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য চীন থেকে আরও দু’টি টাগবোট সংগ্রহ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছায় অত্যাধুনিক এই টাগবোট দু’টি। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে টাগবোট দু’টি গ্রহণ করেন। কাণ্ডারি-৩ ও কাণ্ডারি ৪ নামের এই টাগবোট দু’টির দাম পড়েছে বাংলাদেশি মুদ্রায় ১৪৫ কোটি ২২ লাখ টাকা। বন্দর সংশ্লিষ্টরা জানান, বহির্ণোঙ্গরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোকে বন্দরের জেটিতে আনা নেয়া এবং গভীর সমুদ্রে বিপদগ্রস্ত জাহাজকে দ্রুত উদ্ধারের কাজে টাগবোট ব্যবহৃত হয়। 

নতুন দু’টিসহ বন্দরের টাগবোট সংখ্যা ১০-এ উন্নীত হলো। তবে চীন থেকে সর্বশেষ সংগৃহীত টাগবোট দু’টিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যার সাহায্যে আরও নিরাপদে ও দ্রুততার সঙ্গে অপারেশন পরিচালনা করা যাবে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান সাংবাদিকদের বলেন, টাগবোট দু’টি অত্যন্ত শক্তিশালী। এটির ক্ষমতা ৫ হাজার অশ্বশক্তিরও বেশি। এগুলো মূলত সার্চ অ্যান্ড রেসকিউ এবং স্যালভেজের কাজে ব্যবহৃত হবে। এছাড়া হারবার টাগ হিসেবে ব্যবহৃত হবে। বাণিজ্যিক জাহাজগুলোকে জেটিতে ভেড়ানো এবং জেটি থেকে পুনরায় সমুদ্রে নিয়ে যাওয়ার জন্য পুশিং টাগ হিসেবে এগুলো ব্যবহৃত হবে। কোনো জাহাজ গভীর সমুদ্রে গিয়ে বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করার জন্য এসব টাগবোট ব্যবহৃত হবে।  

বন্দর সংশ্লিষ্টরা জানান, অতিরিক্ত জ্বালানি ধারণ ক্ষমতা থাকায় টাগবোটগুলো অতিরিক্ত জ্বালানি ছাড়াই প্রায় এক মাস সমুদ্রে থাকতে পারবে। যেকোনো প্রতিকূল পরিবেশে ১২০ ফুট দূরত্ব থেকে পানি ও ফোমের সাহায্যে আগুন নেভাতে পারবে।   

ইত্তেফাক/এএএম