রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) শিক্ষা ও গবেষণাসহ সামগ্রিক কর্মকাণ্ডের পরিকল্পনাবিশিষ্ট বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার (১৫ জুন) সন্ধ্যায় কক্সবাজারের সি পার্ল হোটেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর করা হয়।
রাবি’র পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম ও বিমক’র পক্ষে ভারপ্রাপ্ত সচিব ড. ফেরদৌস জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ বিমক’র চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী সম্পাদন করা উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত হলেও আর্থিক বিষয়াদি সরকারের মাধ্যমে আসে। এখানে আর্থিক কর্মকাণ্ডে সরকারি শৃঙ্খলা অনুসরণ করা উচিত। এক্ষেত্রে কর্ম সম্পাদনে যথাযথ পরিকল্পনা, স্বচ্ছতা ও নীতি-নৈতিকতা বজায় রাখতে হবে।
উপাচার্য আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার যে প্রত্যয়ী কর্মকাণ্ড চলছে তা বাস্তবায়নে পরিকল্পিত ও স্বচ্ছতা বজায় রেখে এগিয়ে যাওয়ার বিকল্প নাই। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিসহ শুদ্ধাচার অনুসরণের সুফল জাতির সামগ্রিক কর্মকাণ্ডেও প্রতিফলিত হবে বলেও তিনি উল্লেখ করেন। সর্বত্র শৃঙ্খলা রক্ষা করতে পারলেই কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষণার গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে।

