প্রবল বৃষ্টিতে কোটালীপাড়া গোপালগঞ্জ সড়কে ভাঙন

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:৪২

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

প্রবল বৃষ্টিতে গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কে ভাঙন দেখা দিয়েছে। ওই সড়কের সোল্ডারে অন্তত ১৫টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। যে কোনো মুহূর্তে সড়কটিতে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হতে পারে বলে কোটালীপাড়ার সাধারণ মানুষ আশঙ্কা করছেন।

গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ৩৬ কিলোমিটার দীর্ঘ গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়ক ২০১৩ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গারহাট জনসভা থেকে উদ্বোধন করেন। তারপর যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়। এছাড়া চলতি বছর ২৬ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়ক সংস্কার করা হয়। এছাড়া আগেও সড়কটি সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ সড়কে চলাচলকারী ট্রাকচালক সমশের শেখ বলেন, বৃষ্টিতে ভাঙন ও ফাটল দেখে এ সড়কে গাড়ি চালাতে ভয় লাগে। তাড়াশীর ভাঙন দেখে মনে হচ্ছে সড়কটি হুমকিতে পড়েছে।

কোটালীপাড়ার মাঝবাড়ি গ্রামের রেজাউল করিম দাড়িয়া বলেন, বালুর বাঁধের উপর গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়ক নির্মাণ করা হয়েছে। বালুর বাঁধ সামান্য বৃষ্টিতেই ভেঙে যায়। এ সড়কও বৃষ্টি হলেই ভাঙছে। এবছর বৃষ্টিতে সড়কের তাড়াশীতে সবচেয়ে বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। উপজেলার তাড়াশী গ্রামের কাজী বাবুল বলেন, এ সড়ক নির্মাণের পরই বৃষ্টি হলেই পাড় ভেফু যাচ্ছে। শ্রমিকরা সারাবছরই কাজ করে মাটি ও বালুর বস্তা ফেলে রাস্তা টিকিয়ে রাখছেন।

গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরিফুল আলম ওই সড়কে ভাঙনের কথা স্বীকার করে বলেন, বৃষ্টিতে এ সড়কের সোল্ডার ভেঙে তাড়াশীতে বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। অন্য ভাঙনগুলো তেমন আশঙ্কাজনক নয়। এখানকার মাটি ধসপ্রবণ। তাই এ ধরনের ভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। সড়ক সচল ও চলাচলের উপযোগী রয়েছে। তবে সড়ক রক্ষায় স্লাব প্রটেকশনের টেন্ডার আহবান করছি। এ কাজ হলে সড়কটি বর্ষণজনিত ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে বলে জানান তিনি।