ভুরুঙ্গামারীতে দুধকুমর নদের তীরবর্তী ১৭ গ্রাম প্লাবিত

আপডেট : ১৭ জুন ২০২২, ১৫:৩৫

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমর নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে দুধকুমর নদের তীরবর্তী ১৭টি গ্রামের নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এ সব গ্রামের মানুষ পানিবন্দি জীবন যাপন করছে।

২ নম্বর ছিট পাইকেরছড়া গ্রামের আবেদ আলী জানান, বন্যার পানি তার বাড়িতে ঢুকেছে। পানি বৃদ্ধি পাওয়ায় ঘরের মালামাল অন্য জায়গায় সরিয়ে নিতে হচ্ছে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, তার ইউনিয়নের তিনটি গ্রামে বন্যার পানি  ঢুকেছে। এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর জানান, আবহাওয়ার এমন অবস্থা আগামী ২২ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় লাগাতার বৃষ্টিসহ মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম জানান, বন্যার ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে।

 

ইত্তেফাক/ইউবি