পরাজিত করতে পারলে করে দেখান: রাশিয়া 

আপডেট : ১৭ জুন ২০২২, ২০:১৪

ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলছেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায়নি বরং বিশেষ সামরিক অভিযান চালিয়েছে। কারণ "ইউক্রেনকে ন্যাটোর মধ্যে টেনে আনা যে একটি অপরাধমূলক কাজ সেটা আমরা পশ্চিমা বিশ্বকে বোঝাতে ব্যর্থ হয়েছি।"  

বিবিসির সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে তিনি আবার উল্লেখ করেন যে ইউক্রেনকে, তার ভাষায়, 'নাৎসিমুক্ত' করার লক্ষ্যেই এই অভিযান।

রাশিয়ার সঙ্গে ব্রিটেনের সম্পর্ক নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটা নিয়ে আলোচনার কিছু নেই। কারণ (প্রধানমন্ত্রী বরিস) জনসন এবং (পররাষ্ট্রমন্ত্রী লিজ) স্ট্রাস খোলাখুলি বলেছেন, 'আমরা রাশিয়াকে পরাজিত করবো, রাশিয়াকে নতজানু করতে বাধ্য করবো। করুন, পারলে করে দেখান।" 

ব্রিটেনের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাইলে সের্গেই ল্যাভরভ বলেন, "নেতাদের রাজনৈতিক অভিলাষের জন্য জনগণের স্বার্থকে আরেকবার জলাঞ্জলি দেওয়া হচ্ছে।"

গত ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালানোর পর থেকে রুশ পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা কোনো সংবাদমাধ্যমকে খুব বেশি একটা সাক্ষাৎকার দেননি।

এই সাক্ষাৎকারে বিবিসির সংবাদদাতা স্টিভ রোজেনবার্গ জাতিসংঘের একটি রিপোর্টকে উদ্ধৃত করে ল্যাভরভকে একটি সরাসরি প্রশ্ন করেন: "চেরনিহিভ অঞ্চলের ইহাদনি গ্রামে রুশ বাহিনী ৭৪টি শিশুসহ ২৬০ জন গ্রামবাসীকে একটি স্কুলের বেসমেন্টে ২৮ দিন ধরে আটকে রেখেছিল। সেখানে ১০ জন বৃদ্ধ মারা যান। এটাই কি নাৎসিদের বিরুদ্ধে লড়াই?"

জবাবে ল্যাভরভ বলেন, "এটা একটা দু:খজনক ঘটনা। কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, মহাসচিবসহ অন্যান্য জাতিসংঘ কর্মকর্তা ক্রমাগত পশ্চিমা দেশগুলোর চাপের মুখে রয়েছেন। এবং তারা প্রায়ই পশ্চিমা দেশগুলোর ছড়ানো ফেক নিউজ (মিথ্যে খবরকে) ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেন।" 

তিনি বলেন, "রাশিয়া ধোয়া তুলসী পাতা নয়। রাশিয়া যা রাশিয়া তাই। আমরা যা তেমনটা দেখাতে আমাদের কোনো লজ্জা নেই।"  

৭২ বছর বয়সী ল্যাভরভ গত ১৮ বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো তার এবং তার মেয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিবিসি

ইত্তেফাক/এসআর