প্রকৃত অর্থে টেস্ট মেজাজের ব্যাটিং বলতে যা বোঝায়, সেটাই করছে ওয়েস্ট ইন্ডিজ। আর তাতে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। আরও একটি সেঞ্চুরির ধারপ্রান্তে ছিলেন। হয়তো করেও ফেলতেন। কিন্তু সেটি আর হতে দিলেন না খালেদ আহমেদ।
সিলেটের এই পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ক্যারিবিয়ান দলনেতা। ২৬৪ বল মোকাবিলায় ৯৪ রান করে ফিরে গেছেন ব্রাথওয়েট। তবে স্বাগতিকরা এরই মধ্যে সুবিধাজনক অবস্থায় চলে গেছে। ম্যাচের লাগাম এখন তাদের হাতে। অবশ্য সেটা গতকাল প্রথম দিন থেকেই।
বাংলাদেশকে ১০৩ রানে অলআউট করার পর ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আজ দ্বিতীয় দিন এখনো ব্যাট করছে তারা। এই রিপোর্ট লেখার সময় স্কোর ৪ উইকেট হারিয়ে ২১১ রান। লিড দাঁড়িয়েছে ১০৮ রানে। ব্ল্যাকউড ৩৯ ও কাইল মায়ার্স ২ রানে অপরাজিত।
এর আগে প্রথম সেশনে ৩৩ রান করা বোনারকে সরাসরি বোল্ড করেন সাকিব আল হাসান। বাকি দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
