কোনো চিন্তা করবেন না, সরকার আপনাদের পাশে আছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী 

আপডেট : ১৮ জুন ২০২২, ০৮:৫৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ‘আপনারা কোনো চিন্তা করবেন না। সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে। আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণসামগ্রীর ব্যবস্থা গ্রহণ করছে সরকার। ইনশাআল্লাহ ত্রাণের কোনো অভাব হবে না।’

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় মন্ত্রী সিলেটের কোম্পানিগঞ্জের বর্ণি এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি বিত্তশালীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

বানভাসি মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘বন্যাকবলিত মানুষকে উদ্ধার কাজে ইতোমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে। আগামীকাল থেকে আরও সরকারি সংস্থাগুলো অংশগ্রহণ করবে।’ 

এছাড়া সরকার এসএসসি পরীক্ষা স্থগিত করেছে। সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি গতকাল সকালে সিলেটের বন্যার্ত মানুষের পাশে থাকার জন্য বান্দরবানে প্রবাসী কল্যাণ ব্যাংকের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম বাতিল করে সিলেটে আসার সিদ্ধান্ত নেন। 

ঢাকা বিমানবন্দরে প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করার পর জানা যায় সিলেটে বিমান চলাচল বন্ধ। তারপর তিনি সড়ক পথে সন্ধ্যায় সিলেটে পৌঁছেই কোম্পানিগঞ্জের বর্ণি এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

ইত্তেফাক/মাহি