চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুমন আলী (২৬) নামে একজন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুন) ভোরে কলাদিয়ার গ্রামের একটি আমবাগানে মরদেহটি উদ্ধার করা হয় । নিহত যুবক উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।
চাকরির আশ্বাসে ঘুষের টাকা ফেরত না পেয়ে হতাশাগ্রস্ত থেকে এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছেন অনেকে। এ ঘটনায় সানাউল্লাহ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ফজরের নামাজের পর সুমন বাড়ির কাউকে না জানিয়ে বেরিয়ে পড়েন। সকাল সাড়ে ৭টার দিকে কলাদিয়া গ্রামের সুজাউদ্দিনের আমবাগানে ঝুলন্ত অবস্থায় একটি গাছে তাকে দেখতে পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিবারের সদস্যরা জানান, সুমনকে চাকরি দিয়ে দেবেন বলে নিমতলা কাঁঠাল গ্রামের সানাউল্লাহ ৮ লাখ ৭০ হাজার টাকা নেন। কিন্তু ওই চাকরি করে দিতে পারেননি তিনি। পরে ওই টাকা ফেরত চান সুমন আলী। এদিকে, টাকা না দিয়ে সানাউল্লাহ নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। হতাশা থেকে সুমন আত্মহত্যা করেছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। চাকরির টাকা ফেরত না পাওয়ায় হতাশা থেকে সুমন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। নিহতের বাবা আবুল কালাম আজাদ গোমস্তাপুর থানায় তিনজনকে আসামি করে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সানাউল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
