তালেবানের ধর্মীয় পুলিশেরা দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের বিভিন্ন দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছে। সেসব পোস্টারে লেখা, 'যেসব মুসলিম নারী সম্পূর্ণ শরীর ঢাকা পোশাক পরছেন না, তারা দেখতে পশুর মতো হওয়ার চেষ্টা করছেন।' বৃহস্পতিবার (১৬ জুন) দেশটির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ-বিষয়ক মন্ত্রণালয় চলতি সপ্তাহে কান্দাহার শহরজুড়ে পোস্টার লাগিয়েছে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল নেয় তালেবান। এরপর থেকে দেশটির নারীদের ওপর কঠোর সব আইন জারি করছে তালেবান কর্তৃপক্ষ।
গত মে মাসে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা 'নারীদের সাধারণত বাড়িতেই অবস্থান করা উচিত' বলে একটি একটি আদেশ জারি করেন। ওই আদেশে বলা হয়, নারীদের যদি বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, তবে তাদের পুরোপুরি শরীর ও মুখ ঢাকা বোরকা পরতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুধু দেয়ালে নয় এই অঞ্চলের বিভিন্ন ক্যাফে ও দোকানে এসব পোস্টার সাঁটানো হয়েছে। তাতে লেখা, 'মুসলিম নারীরা যারা হিজাব পরছেন না তারা দেখতে পশুর মতো হওয়ার চেষ্টা করছেন।'
পোস্টারে আরও লেখা হয়েছে, শর্ট, আঁটসাঁট ও স্বচ্ছ পোশাক পরাটাও আখুন্দজাদার আদেশবিরোধী। পোস্টার লাগানো নিয়ে কাবুলের মন্ত্রণালয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। তবে স্থানীয় এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, এ ধরনের পোস্টার লাগানো হয়েছে।
