সিলেট নগরীতে বিদ্যুৎ সরবরাহ আংশিক সচল

আপডেট : ১৮ জুন ২০২২, ১৯:২২

প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর সিলেট নগরীতে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে সচল হয়েছে। শনিবার (১৮ জুন) সন্ধ্যায় সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক বন্যায় বিপর্যস্ত এ অঞ্চলের বাসিন্দারা। বন্যায় তলিয়ে গেছে এই দুই জেলার সব বিদ্যুৎ উপকেন্দ্র। পানিতে তলিয়ে গেছে সঞ্চালন লাইনও। শনিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে দুই জেলার সব বিদ্যুৎ উপকেন্দ্র।

বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলবে বলে জানা গেছে। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে জেলার রেলস্টেশন বন্ধ করা হয় বলে জানিয়েছে স্টেশন সূত্র।

বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় আজ দুপুর ১২টার দিকে সিলেট ও সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে দুই জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভয়াবহ বন্যায় ভাসছে সিলেটসহ হাওড়াঞ্চল। ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও থইথই পানিতে পুরো জনপদ। পানিবন্দি লাখ লাখ মানুষকে উদ্ধারে প্রশাসনের সঙ্গে মাঠে নেমেছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরাও।

ইত্তেফাক/জেডএইচডি