অ্যান্টিগা টেস্ট

ঘুরে দাঁড়াতে লড়ছে বাংলাদেশ

আপডেট : ১৮ জুন ২০২২, ২১:০৩

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০৩ রানেই অলআউট হয়। দিনশেষে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, ২৫০ এর মধ্যে তারা ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে চায়। শেষ পর্যন্ত সেই লক্ষ্য সম্ভব হয়েছে। অবশ্য ১৫ রান (২৬৫) বেশি করেছে স্বাগতিকরা। আর লিড পেয়েছে ১৬২ রানের।

এতে হারার পরিবর্তে উল্টো জয়ের আত্মবিশ্বাস পায় টাইগাররা। আজ অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন সেই লক্ষ্যেই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে তারা। গতকাল দ্বিতীয় দিনেই দুটি উইকেট হারিয়ে বসে সফরকারীরা। অপরাজিত থাকেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। আজ তারা আবারও ব্যাটিং করতে নামেন। দেখে বেশ স্বাচ্ছন্দ্যই মনে হচ্ছিল।

কিন্তু আরও একবার বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন শান্ত। ক্রিজে সেট হয়েও টিকতে পারলেন না। ৪৫ বল মোকাবিলায় ১৭ রান করে ফিরে গেছেন। কাইল মায়ার্সের বলে ক্যাম্পবেলের হাতে ক্যাচ দেন তিনি। অফফর্ম বজায় রেখেছেন মুমিনুল হকও। তিনি ১২ বল খেলে মাত্র ৪ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। বোলার কাইল মায়ার্স। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৭৫ রান। জয় ২৮ ও লিটন দাস শূন্য রানে অপরাজিত। ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনো ৮৭ রানে পিছিয়ে সাকিব বাহিনী।

ইত্তেফাক/টিএ