অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের জয়ের আর কোনো সম্ভাবনা নেই। এ কথা এখন অনেকটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। নিজেদের দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। রান মাত্র ১১৫। ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনো পিছিয়ে ৪৭ রানে।
গতকাল দ্বিতীয় দিন শেষে জয়ের আশার কথা শুনিয়েছিলেন খালেদ আহমেদ। একই সঙ্গে এটাও বলেছেন যে, যদি আজ তৃতীয় দিন ব্যাটাররা দারুণ কিছু করতে পারে তাহলেই কেবল জয় সম্ভব। দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর কথাই বিশেষভাবে উল্লেখ করেন এই পেসার। কিন্তু দিনের শুরুতেই আউট হয়ে যান শান্ত।
আরও একবার বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন শান্ত। ক্রিজে সেট হয়েও টিকতে পারলেন না। ৪৫ বল মোকাবিলায় ১৭ রান করে ফিরে গেছেন। কাইল মায়ার্সের বলে ক্যাম্পবেলের হাতে ক্যাচ দেন তিনি। অফফর্ম বজায় রেখেছেন মুমিনুল হকও। তিনি ১২ বল খেলে মাত্র ৪ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। বোলার কাইল মায়ার্স। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি।
এরপর লিটন দাসকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন জয়। সেটাও বেশিক্ষণ স্থায়ী হলো না। কেমার রোচের একটি বল কাট করতে গিয়ে গালিতে দাঁড়ানো কাইল মায়ার্সের হাতে তালুবন্দী হন লিটন। সমাপ্তি হয় ১৫ বলে ১৭ রানের ইনিংসের। জয়কে বেশ ধৈর্য্যশীল মনে হচ্ছিল। খেলছিলেন দেখেশুনে। আরও একটি বড় ইনিংস খেলার পথেই এগোচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই ধৈর্য্য হারিয়ে ফেলেন তরুণ এই ওপেনার। কেমার রোচের বলে উইকেটকিপারের হাতে কটবিহাইন্ডের শিকার হয়েছেন তিনি। আউট হওয়ার আগে করেন ১৫৩ বলে ৪২ রান।
এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের স্কোর ৬ উইকেট হারিয়ে ১১৫ রান। সাকিব আল হাসান ৫ ও নুরুল হাসান সোহান ৩ রানে অপরাজিত। এই অবস্থা থেকে ম্যাচে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব ব্যাপার। উল্টো এখন ইনিংস হারের শঙ্কা জেগেছে!
