নেশার টাকার জন্য স্ত্রীকে হাতকড়া লাগিয়ে নির্যাতন

আপডেট : ০৮ জুন ২০১৯, ২২:০২

নোয়াখালীতে কারারক্ষী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নেশার টাকার জন্য স্ত্রীকে হাতকড়া লাগিয়ে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগে নোয়াখালী জেলা কারাগারের কারারক্ষী মো. মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের দিন বুধবার বিকালে ফেনী থেকে অভিযুক্ত  মামুনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ওইদিন দুপুরে জেলা শহর মাইজদীর কারাগার সড়কের একটি ভাড়া বাসা থেকে হাতকড়া লাগানো আহত অবস্থায়  সুবর্ণা আক্তার বীথিকে (১৯) উদ্ধার করে পুলিশ। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। অভিযুক্ত কারারক্ষী মো. মামুন চট্টগ্রামের দারোগারহাট গ্রামের মো. বকুলের ছেলে। নির্যাতিতা সুবর্ণা আক্তার বীথি জামালপুরের সানাইবান্ধা গ্রামের বাবুল হোসেনের মেয়ে। বর্তমানে তার বাবা-মা চট্টগ্রামের আগ্রাবাদে থাকেন।

নির্যাতিতা ওই নারী জানান, মামুন দুই বছর আগে চট্টগ্রামে কর্মরত অবস্থায় ভালোবেসে তাকে বিয়ে করে। বিয়ের পর তিনি জানতে পারেন মামুনের আগেরও এক স্ত্রী রয়েছে।  বিয়ের পর  থেকে নেশার টাকার জন্য মামুন প্রায়ই তাকে মারধর করতো। সাত মাস আগে সে নোয়াখালী জেলা কারাগারে বদলি হয়ে আসে। এরপর থেকে তাকে হাতকড়া লাগিয়ে নির্যাতন চালাতে শুরু করে সে। আশপাশের লোকজন যাতে তার চিত্কার শুনতে না পায় সেজন্য মুখে কাপড় দিয়ে বেঁধে রাখতো মামুন। তারপরও প্রতিবেশীরা বিষয়টি টের পাওয়ায় গত সাত মাসে পাঁচবার বাসা বদল করে সে।

এদিকে জেলা কারাগার সুপার মো. মনির আহমেদ জানান,  স্ত্রীকে নির্যাতন করার ঘটনায় কারারক্ষী মামুনকে বুধবার সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।