ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাচীরের বাইরে থেকে উদ্ধার হওয়া নবজাতকটি তার নতুন মা বাবা পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় নবজাতকটিকে কৃষিবিদ মো. বজলুর রহমান ও মিসেস সাফিয়া ইসলাম দম্পতি দত্তক নেন। বজলুর রহমান সাভার উপজেলার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ডেন্ডাবর এলাকার বাসিন্দা।
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু তাহের জানান, নবজাতকটি উদ্ধার হওয়ার পরে লিখিতভাবে আশুলিয়া থানায় জানানো হয়েছিল। পরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক দিপু এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য বলেন। নবজাতক উদ্ধার হওয়ার বিষয়টি জানাজানি হলে অনেকেই নবজাতকটি দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে হাসপাতালে আবেদন করেন।
গত ১১ মে সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের বাইরে থেকে উদ্ধার হওয়া নবজাতকটি এতদিন হাসপাতালের গাইনী বিভাগের তত্ত্বাবধানে ছিল।
