কক্সবাজার জেলার মহেশখালীতে পাহাড় ধসে রবিউল হোসেন নামে ৫ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুন) রাত ৯ টায় কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড অফিস পাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনেরা পাহাড়ের কিনারা থেকে পাহাড় ধসের মাটি কেটে শিশুটির লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই।
নিহত রবিউল হোসেন স্থানীয় গুরা পুছুইন্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে বৃষ্টির সময় শিশু রবিউল খেলতে গিয়ে সন্ধ্যার পর ও বাড়ীতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে রাত ৯ টার দিকে স্থানীয় অপর এক শিশু বন্ধু ধ্বসে পড়া মাটির নীচে রবিউল আছে এমন সন্ধান দিলে স্থানীয় লোকজন পাহাড় ধ্বসে পড়া মাটি কেটে শিশুটির লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ওসি আব্দুল হাই জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন বলেন, পাহাড় ধসে শিশুর মৃত্যু ঘটেছে। বিভিন্ন স্থানে পাহাড়ের পাশে অবস্থান করা লোকজনকে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনিকভাবে নিরাপদে সরিয়ে যেতে মাইকিং করা হচ্ছে।
