তিন তারকা নিয়ে বিপাকে নির্মাতা!

আপডেট : ২০ জুন ২০২২, ০১:৫৯

নির্মাতা ফারহান আখতার গতবছর নির্মাণে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই ভক্তরা অপেক্ষায় আছেন কবে ফ্লোরে গড়াবে তার সিনেমাটি। সিনেমাটিতে বলিউডের শীর্ষ তিন তারকা প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট যুক্ত হওয়ায় বাড়তি কৌতুহলও কাজ করছে সবার মাঝে।

তবে চলতি বছরের সেপ্টেম্বরে ‘জি লে জারা’ শিরোনামের এই সিনেমাটির শুটিং শুরুর কথা শোনা গেলেও আবারও পেছানো হচ্ছে সেই তারিখ। তাই আপাতত একসঙ্গে তাদের দেখতে পাচ্ছেন না দর্শকরা।

জানা গেছে, ফারহান আখতার ও তার টিম সিনেমাটির শুটিং আরও কিছুদিন দেরিতে শুরু করতে চাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, আসছে সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরুর লক্ষ্যে এরইমধ্যে অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকও মিটিয়ে দিয়েছিলেন নির্মাতা। তবে প্রধান তিন তারকার সিডিউল নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

নিজেদের অন্যান্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় একইসঙ্গে তিনজন সিডিউল মেলাতে পারছেন না। ফলে কবে সিনেমাটির শুটিং শুরু করতে পারবেন সে বিষয়ে চূড়ান্ত কিছু জানাতে পারছেন না নির্মাতা।

তবে ক্যাটরিনা, আলিয়া, প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন তারিখ ঠিক করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন ফারহান।

যদিও গণমাধ্যমগুলো দাবি করেছে, সিনেমাটি শেষ করতে প্রায় ৩ মাস সময় লাগবে। যে সময় একসঙ্গে তিন নায়িকা এ বছর মেলাতে পারবেন না। তাই সিনেমাটি আগামীবছরের শেষ দিকে শুটিংফ্লোরে গড়াতে পারে।

ইত্তেফাক/এমআর