জাবিতে 'মার্কেটিং আইডিয়া' বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২০ জুন ২০২২, ০৩:২৯

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের মতো 'মার্কেটিং আইডিয়া বাণিজ্যিকীকরণ প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে মার্কেটিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. কাশেদুল ওহাব তুহিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরপর তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব স্টল ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের উৎসাহ দেন। 

পরে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফুল হক ও মো. রাকিবুল হাসান, সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, প্রভাষক সাবেকুন নাহার সেতু ও মো. মুজাহিদুল ইসলামসহ অন্য বিভাগের শিক্ষকরা প্রতিযোগিতায় অংশ নেওয়া সব স্টল ঘুরে দেখেন।

প্রতিযোগিতায় মেহেদী কথন, চা স্টল- বিরতি, শেক এন্ড টেক, জুসল‍্যান্ড, ভ‍্যারাইটিজ গিফট শপ, ওয়েদার ডিমান্ড, চকো ফ্লিক ও ট্রিট অন দ‍্যা গো- এমন সব বাহারি নামের মোট আটটি স্টল অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া উদ্যোক্তা মো. আকরাম হোসেন বলেন, আমরা অবিভূত, আমাদের প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়েছি। দর্শনার্থী আর ক্রেতাদের উপচে পড়া ভিড়ে যেন অন্যরকম উৎসবে রুপ নেয় আজকের এ আয়োজন। এমন উদ্যোগ নেওয়ার জন্য সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. কাশেদুল ওহাব তুহিন বলেন, প্রথমবারের মতো মার্কেটিং আইডিয়া বাণিজ্যিকীকরণ প্রতিযোগিতার আয়োজন করতে পেরে সত্যি আনন্দিত। এ প্রতিযোগিতার মাধ্যমে 'মার্কেটিং ম্যানেজমেন্ট' কোর্সের শিক্ষার্থীরা বাস্তবমুখী প্রয়োগ জানতে পারছে। শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক জ্ঞানের প্রয়োগের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এসটিএম