স্বরূপকাঠিতে শনিবার স্থানীয় সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে দীর্ঘ দুই যুগ পর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে রাতে সৈয়দ সহিদ উল আহসানকে সভাপতি ও এস এম মুইদুল ইসলাম মুহিদকে সাধারণ সম্পাদক করে স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগের কমিটির সদ্য বিদায়ি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মো. আনিচুর রহমান প্রমুখ।
