পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শিবচরে ছয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২০ জুন ২০২২, ০৯:৫৮

২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে। আর ঐতিহাসিক এই অর্জনকে স্মরণীয় করে রাখতে মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ঘাটে ছয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় জেলা প্রশাসন ছয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত শিবচরের বাংলাবাজার ঘাটে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েক জন হলেন—খুরশীদ আলম, মমতাজ বেগম, খাইরুল আনাম শাকিল, প্রতীক হাসান, প্রিয়াঙ্কা গোপ, ইমরান, রাজিব, কনা, ঐশী, মেহরীন, সজীব প্রমুখ। 

তিনি আরও জানান, ২৫ জুন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বর্ণাঢ্য লেজার শো ও আতশবাজি ফোটানো হবে। এছাড়াও থাকবে নৃত্য ও কোরিওগ্রাফি। এদিকে জেলা সদর মাদারীপুরে ২২ জুন বর্ণাঢ্য আনন্দ মিছিল এলাকার বিভিন্ন সড়ক ও রাস্তা প্রদক্ষিণ করবে।

ইত্তেফাক/এমএএম