সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপি নেতা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও মেয়েকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পৃথক দুটি জামিন আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
২০০৮ সালের ১ সেপ্টেম্বর দুদক খোকার ছেলে ইসরাথ হোসেন ও কন্যা সারিকা সাদেকের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য পৃথক নোটিস দেয়। কিন্তু তারা সম্পদের বিবরণী জমা না দেওয়ায় ২০১০ সালের ২৯ আগস্ট রমনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। সম্প্রতি বিএনপি থেকে ইসরাথ হোসেনকে ঢাকা-৬ এ দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপরই তিনি ও তার বোন হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চান।
