বিএনপি ১০টি আসনের নিশ্চয়তা দিয়েছে দাবি এলডিপির

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ০০:২৯

২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিকে বিএনপির পক্ষে থেকে সর্বসম্মতিতে ১০টি আসনে মনোনয়ন নিশ্চিত করেছে। তাছাড়া আরও ২ জনের ব্যাপারে আলোচনা চলছে। এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের প্রেস সেক্রেটারি স্বাক্ষরিত গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলডিপি নির্বাচন কমিশনের ১ নং নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচনী প্রতীক ‘ছাতা’। এলডিপির সভাপতি অলি আহমদ চট্টগ্রাম-১৪ এবং সালাউদ্দীন মিয়া গোপালগঞ্জ-১ আসনে ‘ছাতা’ প্রতীকে নির্বাচন করবেন। দলের অন্যরা বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করবেন।

এলডিপির দাবি অনুযায়ী যে ১০টি আসনে বিএনপি ছাড় দেওয়ার নিশ্চয়তা দিয়েছে সেগুলো হলো অলি আহমদ (চট্টগ্রাম-১৪), রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭), শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১), নুরুল আলম (চট্টগ্রাম-৭), এয়াকুব আলি (চট্টগ্রাম-১২), ড. নেয়ামুল বশির (চাঁদপুর-৫), সৈয়দ মুন্জুর মোর্শেদ (ময়মনসিংহ-১০), সালাউদ্দীন মিয়া (গোপালগঞ্জ-১), এম এ বাশার (ময়মনসিংহ-৮) ও মেহেদি হাসান (ঝিনাইদহ-৪)। এছাড়া এ্যাড. মাহফুজুর রহমান খালেদ (সুনামগঞ্জ-৩) ও আবু হেনা মোস্তফা কামাল  চৌধুরী (নওগাঁ-১)- এই দুটি আসনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা চলছে বলেও দাবি এলডিপির।