কাশ্মিরসহ অন্যান্য সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা শুরু করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি ফের আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই আহবান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে ইমরান খান লিখেছেন, দু’দেশের মানুষের দারিদ্রের মোকাবিলা এবং উন্নয়নের স্বার্থে আলোচনায় বসাই একমাত্র রাস্তা। ইমরানের এই চিঠি নিয়ে অবশ্য নয়াদিল্লির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শুধু ইমরানই নয়, নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়ঙ্করকে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। চিঠিতে কোরেশিও জানিয়েছেন, দুই প্রতিবেশি দেশের খুব দ্রুত আলোচনার টেবিলে বসা প্রয়োজন। আগামী ১৩-১৪ জুন কিরগিজস্তানের বিশকেকে এসসিও সম্মেলনে যোগ দিতে যাবেন ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু সেখানে মোদি ও ইমরানের মধ্যে বৈঠকের সম্ভাবনা নেই বলে শুক্রবার স্পষ্ট করে দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, আলোচনার টেবিলে না বসলেও দুই রাষ্ট্রনেতার একাধিকবার দেখা হবে বিশকেকে, হবে সৌজন্য বিনিময়ও। এই সম্মেলনের কয়েকদিন আগে ইমরান খান ও কোরেশির চিঠি তাত্পর্যপূর্ণ। -আনন্দবাজার পত্রিকা
