চুয়াডাঙ্গায় শাশুড়িকে কুপিয়ে খুন করল কনস্টেবল জামাতা

আপডেট : ০৮ জুন ২০১৯, ২২:৪১

পারিবারিক কলহের জের ধরে সিআইডির এক কনস্টেবল তার শাশুড়িকে কুপিয়ে খুন করেছে। একইসঙ্গে কুপিয়ে জখম করেছে তার স্ত্রী ও শ্যালককে। তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। শুক্রবার রাত একটার দিকে শহরের মাদ্রাসাপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত শেফালী অধিকারী আলমডাঙ্গার মাদ্রাসাপাড়ার সদানন্দ অধিকারীর স্ত্রী। আহতরা হলেন- কনস্টেবল অসীমের স্ত্রী ফাল্গুনী অধিকারী ও শ্যালক আনন্দ অধিকারী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অসীম চুয়াডাঙ্গায় বদলি হওয়ায় আলমডাঙ্গায় শ্বশুর বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন। স্ত্রী ফাল্গুনীর সঙ্গে অন্য কোনো ছেলের পরকীয়া প্রেম রয়েছে- এমনটা সন্দেহ করত অসীম। শুক্রবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অসীম ফাল্গুনীকে ব্যাপক মারধর করে। মারধর থেকে রক্ষা পেতে ফাল্গুনী দৌড়ে তার পরিবারের সদস্যদের ডাকাডাকি করে। অসীমও ছোরা হাতে তার পিছু নেয়। মেয়েকে       রক্ষা করতে এগিয়ে গেলে শেফালী অধিকারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন অসীম । এতে শেফালী ঘটনাস্থলেই নিহত হন। অসীমকে বাধা দিতে আসলে শ্যালক আনন্দের পেটেও ছোরা ঢুকিয়ে দেয়। এরপর তিনি তার স্ত্রী ফাল্গুনীকেও রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘাতক অসীমকে আটকের চেষ্টা চলছে।