বন্যা পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২২, ১৯:২১

বন্যা পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (২১ জুন) বিকেলে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে এখনও ১৬ লাখ মেট্রিকটন ধান-চাল মজুদ আছে। তারপরও আমাদের সংগ্ৰহ চলছে। আরও প্রয়োজন হলে আমরা চাল আমদানি করবো। প্রধানমন্ত্রী ইতোমধ্যে জিরো ট্যাক্সে ও বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছেন।

তিনি বলেন, শতবছরের সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ এবং সিলেটে পাহাড়ি ঢল নেমে বন্যা হয়েছে। দেশে আরও বন্যা হতে পারে। এই জন্য আমরা প্রস্তুত রয়েছি।

মন্ত্রী আরও বলেন, ধান কাটার আগেও কিছুটা বন্যা হয়েছিল, তা আমরা কাটিয়ে উঠেছি। সে সময় অল্পসংখ্যক ক্ষতি হয়েছিল ধানের। তবে মাঠে এখন তেমন ফসল নেই। কিছু হয়তো আউশ ধান ছিল। সরকারি খাদ্য গুদামে যে মজুদ রয়েছে দেশে খাদ্যের কোন ঘাটতি হবে না।

এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ‘সম্প্রীতির অগ্রযাত্রায় নওগাঁ’ শীর্ষক এক মতবিনিময় সভা ও বন্যা মেকাবেলায় প্রাক-প্রস্তুতি বিষয়ক জেলা দুর্যোগ ব‍্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করেন।

ইত্তেফাক/এসটিএম