তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পেট্রোল বোমাসদৃশ বোতল উদ্ধারের ঘটনার সঙ্গে খালেদা জিয়াকে ইউনাইটেড বা অন্য কোনো হাসপাতালে সরানোর পরিকল্পনার যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। গতকাল শনিবার বিকালে নগরীর দেওয়ানজী পুকুরপাড়ের বাসভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের প্রসঙ্গ ধরে ড. হাছান মাহমুদ বলেন, রিজভী আহমেদ কারণে-অকারণে প্রতিদিনই সংবাদ সম্মেলন করেন। এই পেট্রোল বোমার সঙ্গে রিজভী আহমেদরাই ভালো পরিচিত। তার উদ্বিগ্ন হবার কারণ জানি না। তাদের কর্মীরাই ২০১৩, ১৪ ও ১৫ সালে পেট্রোল বোমা মানুষের ওপর নিক্ষেপ করেছে। খালেদা জিয়ার সঙ্গে ঈদের দিন দেখা করতে না দিয়ে জেল কোড লঙ্ঘন করা হয়েছে— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, নিজের মতো ব্যাখ্যা না দিয়ে মির্জা ফখরুলের উচিত ছিল জেল কোড ভালো করে পড়ে নেওয়া।
