ধারাবাহিকভাবে টেস্টে খারাপ করছে বাংলাদেশ দল। সাদা পোশাকে প্রত্যাশিত ফল আসছে না। টানা হারের বৃত্তে থাকায় দলটার ওপরও চাপ অনেক। ব্যাটাররা অনেকে রানে নেই, যা চাপ বাড়াচ্ছে। বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, বাংলাদেশের ক্রিকেটাররা এখন মানসিকভাবে দুর্বল। তবে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে দলটা ঘুরে দাঁড়াবে বলে আশা আকরামের।
গতকাল মিরপুর স্টেডিয়ামে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘টেস্টে যে রকম আশা করেছিলাম, সেরকম কিন্তু হচ্ছে না। কারণ আমাদের একসঙ্গে কয়েক জন ব্যাটার ফর্মে নেই। ছোট ফরম্যাটে যেমন হয়, এক-দুইটা ওভার ভালো করেও রিকভারি করা যায়। কিন্তু টেস্টে এরকম না। একসঙ্গে দল হয়ে ভালো করতে হয়, মানে ১১ জনকেই ভালো খেলতে হয়।’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টেই টাইগারদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। আকরাম খান বলেছেন, ‘আমরা গত কিছু টেস্টে খারাপ করেছি। আশা করছি পরের ম্যাচ থেকে যেন ব্যাপারটা বদল হয়। দ্বিতীয় ম্যাচে শুরু থেকে আমাদের ডমিনেট করতে হবে। ওরা (উইন্ডিজ) যদি আমাদের ডমিনেট করে ফেলে, তাহলে আবারও একই ফল হবে। যেহেতু আমরা মানসিকভাবে এখন একটু দুর্বল আছি, তাই প্রত্যাবর্তন করা খুব গুরুত্বপূর্ণ।’
মানসিক চাপ কমাতে মুমিনুলদের মিডিয়া এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন আকরাম খান। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘যদি বেশি চাপ নিয়ে নেয়, তাহলে সম্ভব না। আমাকে রান করতেই হবে—এ জিনিসটা হলে হবে না। আর প্লেয়ারদের মিডিয়াকে এড়িয়ে চলতে হবে।’
আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে সাকিব বাহিনী। তারপর সীমিত ওভারের দুই ফরম্যাটে খেলবে দুইদল।
