টেস্টে বিবর্ণ বাংলাদেশ দল

রেজাল্ট না আসা রহস্যজনক

আপডেট : ২২ জুন ২০২২, ১৪:৫৯

ক্রিকেটের অভিজাত আঙিনা টেস্টে ২২ বছর কাটিয়ে দিয়েছে বাংলাদেশ দল। এত বছরে ১৩৩টি টেস্ট খেলেছে টাইগাররা। জয় ১৬টি, ১৮টি ড্র এবং হার ৯৯টি।

সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বেশ নাজুক। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হার, ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টেও বড় ব্যবধানে হেরেছে দলটি। সাদা পোশাকে বাংলাদেশকে বেশি ভোগাচ্ছে বাজে ব্যাটিং। ঘরের মাঠে, দেশের বাইরে সর্বত্রই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে ব্যাটিং লাইন।

টেস্টে এত বছর কাটিয়ে দেওয়ার পরও উন্নতি না হওয়া, রেজাল্ট না আসা রহস্যজনক মনে করেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। এখনো দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে কথা বলাটা দুর্ভাগ্যজনকই মনে করেন অভিষেক টেস্টের অধিনায়ক।

লঙ্গার ভার্সনে বাংলাদেশ দলের সংগ্রাম প্রসঙ্গে গতকাল মিরপুর স্টেডিয়ামে দুর্জয় বলেছেন, ‘সেটা তো কিছুটা দুর্ভাগ্যজনকই এখনো (এসব কথা) বলতে হয়। আমি বললাম যে, আমরা যখন শুরু করেছি, তখন আমাদের যে অভিজ্ঞতা ছিল, আমাদের যে সুযোগ-সুবিধা ছিল, সবকিছুই তার থেকে অনেক ভালো। খেলোয়াড়েরাও অনেক ভালো আমাদের থেকে। তার পরও কেন রেজাল্ট হচ্ছে না, এটা রহস্যজনক ব্যাপার।’

অ্যান্টিগায় উইন্ডিজদের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। টেস্টে খেলোয়াড়দের মান অনুযায়ী রেজাল্ট আসছে না বলে উল্লেখ করেন দুর্জয়। তিনি বলেন, ‘ফলাফল ভালো হয়নি এটা তো স্বীকার করতেই হবে (অ্যান্টিগা টেস্টে)। এখন সময় আমাদের পারফর্ম করার। আমার একটা জিনিস অবাক লাগে, আমাদের এত ভালো ভালো প্লেয়ার। সবাই একসঙ্গে জ্বলে উঠলে টেস্টে এ রকম হওয়ার কথা না। অবশ্যই তারা অনেক ভালো প্লেয়ার। কিন্তু দলের ফলটা আমরা সেভাবে টেস্টে দেখি নাই।’

ইত্তেফাক/টিএ