‘যারা দেশের ভালো দেখতে পারেন না, তারাই  দেশ শ্রীলঙ্কা হওয়ার স্বপ্ন দেখেন’

আপডেট : ২২ জুন ২০২২, ১৯:৫৮

যারা দেশের ভালো দেখতে পারেন না, তারাই দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে বলে স্বপ্ন দেখেন। মঙ্গলবার (২১ জুন) জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যের জবাবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন। 

ভূমিমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পরিস্থিতি এক নয়। শ্রীলঙ্কার অর্থনীতির একটা বড় অংশ পর্যটন শিল্পের আয়ের ওপর নির্ভরশীল। করোনা মহামারী এবং সন্ত্রাসী বোমা হামলার কারণে দেশটির পর্যটন শিল্পে মারাত্মক বিরূপ প্রভাব পড়ায় আয় প্রায় বন্ধ হয়ে যায়। এর মধ্যে আবার দেশটির কৃষি উৎপাদনও অনেক কমে যায়। সবমিলিয়ে শ্রীলঙ্কার আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

ভূমিমন্ত্রী ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী, বাস্তবায়নযোগ্য এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী বলে উল্লেখ করে বলেন, এই বাজেট উন্নয়ন ও জনবান্ধব বলেই অন্য সরকারের বাজেটের মতো এর গঠনমূলক তেমন সমালোচনা নাই। যে সমালোচনা হচ্ছে তা শুধুমাত্র সমালোচনার জন্যই সমালোচনা। 

সাইফুজ্জামান চৌধুরী বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারাবিশ্বকে নাড়িয়ে দিয়েছে। জ্বালানিসহ সব পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। উন্নত দেশগুলোতেও ডবল ডিজিটে চলে গিয়েছে মূল্যস্ফীতি। কিন্তু এখনও সেই তুলনায় মূল্যস্ফীতি পরিস্থিতির বিবেচনায় আমরা বেশ ভালো অবস্থানে রয়েছি। 

ইত্তেফাক/এএএম