শ্রীলংকায় প্রধানমন্ত্রীর ব্যয়ের বাজেটে কাটছাট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী রাজাপাকসের বিরোধী এমপিরা একটি প্রস্তাব পাস করে। ২২৫ সদস্যের পার্লামেন্টে ১২৩ জন এমপি বাজেট কাটছাটের প্রস্তাবে সায় দেন। এর আগেই তার সমর্থক এমপিরা প্রস্তাবটি নিয়ে চলা ভোটাভুটি বয়কট করেন। বিরোধী এমপিরা জানিয়েছেন, শুক্রবার মন্ত্রীদের ব্যয়েও কাটছাট করার প্রস্তাব পাস করা হবে। তারা বলছেন, এর ফলে প্রধানমন্ত্রী প্রতিদিনি সরকারের যে পরিমাণ অর্থ ব্যয় করেন সেটা করতে পারবেন না। এদিকে চীনের সঙ্গে বন্দর উন্নয়নের চুক্তি করেছে শ্রীলংকা। রাজনৈতিক অস্থিরতার মধ্যে গতকাল চীনের দু’টি কোম্পানির সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের দু’টি চুক্তি স্বাক্ষর হয়েছে। ভারতও এই কাজ পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তখন থেকেই দেশটিতে রাজনৈতিক সংকট চলছে। - এনডিটিভি
