স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা জানতে পেরেছি পাইলট ভুল করে পাসপোর্ট নেননি। তবে তার এমন ভুল করা উচিত হয়নি যেহেতু এটি প্রধানমন্ত্রীর বিমান। ইমিগ্রেশন পুলিশেরও উচিত ছিল পাসপোর্টটি দেখা। গাফিলতির কারণে ইমিগ্রেশনের একজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।’ গতকাল শনিবার দুপুরে র্যাব সদর দফতরে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাইলট ভুল করেই এটা করেছেন। বিমানবন্দরে দুই-তিন জায়গায় চেক হয়। তারপরও উনি চলে গেছেন। আমাদের ইমিগ্রেশন তিনি ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন। ইমিগ্রেশন পুলিশ জেনারেল ডিক্লারেশন দেখেছেন। পাসপোর্ট দেখতে চাইলে সব সময় পাইলটরা বলেন, পকেটে আছে। তারপরও ইমিগ্রেশন পুলিশের গাফিলতির কারণে পুলিশ প্রধান ইতোমধ্যে তাকে সাসপেন্ড করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত আরো জানা যাবে।
প্রসঙ্গত, গত বুধবার পাসপোর্ট ছাড়াই বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমানের বোয়িং ৭৮৭ উড়োজাহাজ নিয়ে যান ক্যাপ্টেন ফজল মাহমুদ; কিন্তু পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণে যাওয়ায় দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাপ্টেন ফজল মাহমুদকে আটকে দেয় কাতার ইমিগ্রেশন।
