বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ আগামীকাল সোমবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব শহীদুল হক ও যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি-বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেল নেতৃত্ব দেবেন।
ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে অংশীদারিত্ব সংলাপে আলোচনা করা হয়। রাজনৈতিক, বাণিজ্যিক, বিনিয়োগ, নিরাপত্তা, জ্বালানিসহ সব ইস্যুই সংলাপে আলোচনা হবে বলে একটি কূটনৈতিক সূত্র জানায়। এবারের সংলাপে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় ইস্যুর বাইরে ইরান ও উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনার প্রস্তাব দিয়েছে। এবারই প্রথম দ্বিপক্ষীয় ইস্যুর বাইরে তৃতীয় দেশের ইস্যুতে সংলাপে আলোচনা হচ্ছে। সূত্র জানায়, উত্তর কোরিয়া ও ইরান ইস্যুতে আলোচনার প্রস্তাব প্রসঙ্গে একজন সিনিয়র কর্মকর্তা ইত্তেফাক প্রতিনিধিকে জানান, সংলাপে প্রতিবছর দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা হয়ে থাকে। যুক্তরাষ্ট্র এই দুটি ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরবে। বাংলাদেশ তা শুনবে। সংলাপের পর বিস্তারিত জানা যাবে। ইরান ও উত্তর কোরিয়া ইস্যুতে বাংলাদেশের সমর্থন চায় যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, ইরানের ওপর জ্বালানি ও অর্থনৈতিক ক্ষেত্রে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমামুক্ত করতে দেশটির সঙ্গে শীর্ষ পর্যায়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। যদিও সেসব আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি।
