স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা বেড়েছে

আপডেট : ০৮ জুন ২০১৯, ২২:৫৪

ভারতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর অমিত শাহের নিরাপত্তা বেড়েছে। তার ব্যক্তিগত এবং বাসভবনের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করছে দিল্লির পুলিশ। দিল্লিতে বিজেপির এই প্রভাবশালী নেতার বাড়িতে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই তিনি ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থার আওতায় আছেন।

দিল্লিতে অমিত শাহের বাসভবনে তিন ডজনের বেশি নিরাপত্তা কর্মী নিয়োজিত আছেন যারা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবেন। সূত্র জানিয়েছে, আট ঘন্টা অন্তর অন্তর নিরাপত্তা কর্মীদের পরিবর্তন ঘটবে। প্রত্যেক শিফটে নিরাপত্তা কর্মীদের মধ্যে সশস্ত্র কর্মকর্তারাও থাকবেন। আবার কিছু নিরাপত্তা কর্মী সাদা পোশাকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন পাহারা দেবেন। দিল্লি পুলিশ ছাড়াও পুলিশ কন্ট্রোল রুমের গাড়ি এবং দুটি কুইক রিঅ্যাকশন টিম বাড়ির আশেপাশে টহল দেবে।

দিল্লির কৃষ্ণ মেনন মার্গে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সরকারি বাসভবনটি অমিত শাহের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ২০০৪ সাল থেকে গত বছর মৃত্যুর পূর্ব পর্যন্ত বাজপেয়ি এই বাসভবনে বাস করেছিলেন। সূত্র জানায়, প্রয়োজন হলে নিরাপত্তা কর্মীর সংখ্যা আরো বাড়ানো হবে। ‘জেড প্লাস’ সিকিউরিটিতে অমিত শাহের নিরাপত্তায় কর্মীর সংখ্যা একশ’তে উন্নীত হতে পারে। ২০১৪ সাল থেকেই অমিত শাহ এই ধাপের নিরাপত্তা পেয়ে আসছেন। ওই বছর গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জমা দেওয়া এক প্রতিবেদনে জানায়, ইন্ডিয়ান মুজাহিদীন, লস্কর-ই-তৈয়বা এবং পাকিস্তান ভিত্তিক অন্যান্য জঙ্গি সংগঠন অমিত শাহের ওপর হামলা চালাতে পারে। ওই সময় অমিত শাহ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক এবং উত্তরপ্রদেশের দায়িত্ব পালন করছিলেন। পরে তিনি বিজেপির সভাপতি নির্বাচিত হন। ‘জেড প্লাস’ সিকিউরিটির আগে অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল গুজরাট পুলিশ।