‘বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া’

আপডেট : ২৩ জুন ২০২২, ০৮:৪৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, বিএনপিতে নেতৃত্বের সংকট নেই। বরং আওয়ামী লীগে নেতৃত্বের সংকট রয়েছে। আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ নেই। শেখ হাসিনা চলে গেলে কি যুদ্ধ হবে তা কেবল তারাই (আওয়ামী লীগ) বলতে পারবে।

‘বিএনপি ক্ষমতায় এলে কাকে সরকার প্রধান করবে’-গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

গতকাল বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে আর কোন নির্বাচন হবে না। তাকে সরে যেতেই হবে। পরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তখনই না কেবল প্রশ্ন আসবে বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে তাদের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা আইনগতভাবে প্রত্যাহার করে নেওয়া হবে। এসব মামলাকে তিনি মিথ্যা মামলা হিসেবে বর্ণনা করেন। মির্জা ফখরুল বিবিসি বাংলাকে বলেন, বিএনপির নেতৃত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব প্রশ্ন তুলেছেন সেগুলো ‘শিশুসুলভ’। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে। যাকে আপনারা পলাতক (তারেক রহমান)বলছেন, তিনি পলাতক নন, তিনি নির্বাসিত। মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে।প্রধানমন্ত্রী নির্বাচনের কথা বললেও মির্জা ফখরুল বলেন, নির্বাচনের প্রশ্ন তখনই আসে যখন দেশে একটা নির্বাচনের পরিবেশ থাকে।

ইত্তেফাক/এমআর