২০৪৭ সাল পর্যন্ত ভারতে ক্ষমতায় থাকবে বিজেপি

আপডেট : ০৯ জুন ২০১৯, ০০:৪০

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, ২০৪৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বিজেপি। শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলায় দলের এক জনসভায় এই কথা বলেন রাম মাধব। এ সময় দল ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন রাম মাধব। তিনি দাবি করেন, আগামী তিন বছরের মধ্যে দেশে বেকার থাকবে না। তিনি বলেন, বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছেন মোদি, ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। ২০২২ সালের মধ্যে আমরা নতুন ভারত গড়বো। সেই ভারতে কেউ গৃহহীন থাকবেন না। থাকবে না বেকারত্বের চিহ্ন। তাঁর আরো দাবি, আগামী ২০৪৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বিজেপি যা কিনা আবার দেশের স্বাধীনতার ১০০ বছর। সেই সময়ে বিশ্বের দরবারে ভারতের অবস্থান এক নতুন রূপ পাবে বলেও দাবি করেন এই বিজেপি নেতা। তিনি বলেন, জাতীয়তাবাদ বিজেপির ডিএনএতে রয়েছে, এটাই বিজেপির পরিচয়। ভোটের সময়েই হোক বা পরে বিজেপি মানেই জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ মানেই বিজেপি।