ইইউ’র প্রার্থীর মর্যাদা পেলো ইউক্রেন

আপডেট : ২৪ জুন ২০২২, ১১:৪০

রুশ আগ্রাসনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য প্রার্থীর মর্যাদা পেল ইউক্রেন। এদিন একই মর্যাদা পেয়েছে মলদোভাও। বৃহস্পতিবার (২৩ জুন) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইইউয়ের সদস্যপ্রার্থীর মর্যাদা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ও মলদোভাকে প্রার্থীর মর্যাদা দেওয়ার বিষয়ে ইউরোপীয় কাউন্সিলের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন ইইউ প্রেসিডেন্ট চার্লস মিশেল। তিনি বলেন, ‘ইইউয়ের সদস্য হওয়ার বিষয়ে আপনাদের জন্য আজ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বিবিসি বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়া শুরু করে ইউক্রেন। মূলত দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর কয়েকদিন পরই সংস্থাটিতে যোগ দিতে আবেদন করে কিয়েভ। আর এরপর থেকে এই প্রক্রিয়াটি রেকর্ড গতিতে এগিয়ে যায়। অবশেষে বৃহস্পতিবার ইইউ'র সদস্য প্রার্থীর মর্যাদা লাভ করল ইউক্রেন।

এদিকে, ইইউয়ের সদস্যপ্রার্থীর মর্যাদা পাওয়ার বিষয়ে বৃহস্পতিবারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘এটি ইউক্রেন-ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের একটি অনন্য এবং ঐতিহাসিক মুহূর্ত...। ইউক্রেনের ভবিষ্যৎ ইইউর মধ্যে।’

ইত্তেফাক/টিআর