ভাগ্যিস শেষদিকে পুরোদস্তুর ব্যাটার হয়ে সবাইকে চমকে দিয়েছেন এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। এতেই রানের স্কোর দুই শতাধিক হয়েছে। বোর্ডে বেশি রান জমাতে না পারলেও লড়াই করার মতো পুঁজি পেয়েছে টাইগাররা। সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
দলীয় ১৯১ রানের সময় অষ্টম ব্যাটার হিসেবে আউট হন লিটন দাস। আলজারি জোসেফের বলে ক্রেইগ ব্রাথওয়েটের হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ৭০ বল মোকাবিলায় ৫৩ রান। যা এই ইনিংসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। এরপরই নবম উইকেটে অবিশ্বাস্যভাবে ৩৬ রানের জুটি গড়ে তোলেন এবাদত ও শরিফুল। এর মধ্যে এবাদত ২১ ও শরিফুল ২৬ রান করেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবাদত। এতেই স্কোর ২৩৪ হয়েছে।
বাংলাদেশ যে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে, তার শুরুটা হয় অল্প সময়ের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়ের বিদায়ের পর। মাত্র ৮ রান করে তাদের দেখানো পথ অনুসরণ করেন অধিনায়ক সাকিব আল হাসানও। তখনই শঙ্কা জাগে। নুরুল হাসান সোহান ফিরে যান মাত্র ৭ রান করে। আলজারি জোসেফের বলে কটবিহাইন্ডের শিকারে পরিণত হন। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে জুটি গড়ে তোলার চেষ্টা করেন লিটন। কিন্তু সেই জুটি ২৭ রানের বেশি টিকলো না। বোর্ডে ১৬৫ রানের সময় ব্যাক্তিগত ৯ রান করে কাইল মায়ার্সের শিকার হন মিরাজ।
এর আগে তামিম ইকবাল ৪৬, মাহমুদুল হাসান জয় ১০, নাজমুল হোসেন শান্ত ২৬ ও এনামুল হক বিজয় ২৩ রান করেন। এই রিপোর্ট লেখার সময় ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের স্কোর কোনো উইকেট না হারিয়ে ২৮ রান। ব্রাথওয়েট ১৫ ও ক্যাম্পবেল ১৪ রানে অপরাজিত।
